Sunday, July 19, 2026

ইসলামি রাষ্ট্র মানেই কি ধর্মীয়/মুসলিম জাতীয়তাবাদ?

 আজকের বিশ্বে জাতীয়তাবাদ এমন একটি ধারণা, যা মানুষের পরিচয়, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। তাই যখন কেউ বলে—

“ ইসলামি রাষ্ট্র মানেই তো মুসলিম জাতীয়তাবাদ!”
—এই আপত্তি প্রথমে শক্তিশালী মনে হতে পারে।
কিন্তু বাস্তবে, ইসলামি রাষ্ট্র এবং মুসলিম জাতীয়তাবাদ—এই দুটি ধারণা সম্পূর্ণ ভিন্ন ভিত্তির ওপর দাঁড়ানো। ইসলামি রাষ্ট্র কখনোই ‘মুসলিম জাতীয়তাবাদ’ নয়। কারণ জাতীয়তাবাদ দাঁড়ায় জাতি, ভাষা, ভূখণ্ড বা বংশের ওপর— আর ইসলামি রাষ্ট্র দাঁড়ায় ইসলামি আদর্শ ও মূল্যবোধের ওপর।
দুটি ধারণার ভিত্তি, উদ্দেশ্য ও ফলাফল—সবই আলাদা। এই লেখায় আমরা দেখব—
১) জাতীয়তাবাদ কীভাবে কাজ করে
২) ইসলাম ভিত্তিক রাষ্ট্র কীভাবে ভিন্ন
৩) এবং কেন ইসলামি রাষ্ট্রকে “মুসলিম জাতীয়তাবাদ” বলা ভুল ধারণা
জাতীয়তাবাদের মূলেই জাতিগত শ্রেষ্ঠত্ব
------------------------------------------
জাতীয়তাবাদ বলে:
“আমাদের জাতি সেরা।”
“আমাদের ভাষা সেরা।”
“আমাদের ভূমি সেরা।”
ইসলামি রাষ্ট্র বলে:
“কেউ জাতিগতভাবে শ্রেষ্ঠ নয়।”
“শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া ও নৈতিকতায়।”
জাতীয়তাবাদ মানুষকে বিভক্ত করে
--------------------------------------
জাতীয়তাবাদ তৈরি করে:
“আমরা বনাম ওরা”
মানুষকে ভাগ করে
সংখ্যালঘু তৈরি করে
ইসলামি রাষ্ট্র তৈরি করে:
একটি আদর্শিক সম্প্রদায়—যেখানে ধর্ম, বর্ণ, ভাষা বা জাতি কোনো দেয়াল তৈরি করে না। এখানে পরিচয়ের ভিত্তি রক্ত বা মাটি নয়, আদর্শ। তাই একজন চীনা মুসলিম, নাইজেরিয়ান মুসলিম আর বাঙালি মুসলিমের মর্যাদা হুবহু সমান—মাঝখানে কোনো "উঁচু-নিচু" নেই। এই সমতা শুধু মুসলিমের জন্য নয়। একজন অমুসলিম নাগরিকও এখানে সমানভাবে সুরক্ষিত, সমানভাবে সম্মানিত, সমানভাবে রাষ্ট্রের অংশ। রাষ্ট্র নাগরিকত্বকে সমান মর্যাদা দেয় আর সবার ওপরে রাখে ন্যায়বিচারকে।
জাতীয়তাবাদ এই জিনিসটাই কখনো দিতে পারে না। কারণ তার ভিত্তিই হলো "আমরা বনাম ওরা"—এক জাতি, এক ভাষা বা এক রক্তকে বড় করে দেখানো। যে ব্যবস্থা জন্মপরিচয়ে মানুষ ভাগ করে, সে কখনো সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমতা দিতে পারে না।
জাতীয়তাবাদ ভূখণ্ডভিত্তিক
-------------------------------------
জাতীয়তাবাদ বলে:
“এই ভূমিই আমাদের মুখ্য পরিচয় বাকি সব গৌণ ”
ইসলাম ভিত্তিক রাষ্ট্র বলে:
“ইসলামি আদর্শ ও মূল্যবোধই আমাদের মুখ্য পরিচয় বাকি সব গৌণ”
জাতীয়তাবাদ শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে
---------------------------------------
জাতীয়তাবাদ জন্ম দেয়:
বর্ণবাদ
গোত্রবাদ
জাতিগত অহংকার
বৈষম্য
ইসলাম এগুলোকে নিষিদ্ধ করে। ইসলাম ভিত্তিক রাষ্ট্র জাতিগত শ্রেষ্ঠত্বকে ভেঙে দেয়। এটি সভ্যতাভিত্তিক রাষ্ট্র, জাতিভিত্তিক নয়।
ইসলামি রাষ্ট্র জাতিগত পরিচয় মুছে দেয় না—নিরপেক্ষ করে
----------------------------------------------------------------------
ইসলাম বলে:
তুমি আরব হতে পারো
বাঙালি হতে পারো
তুর্কি হতে পারো
আফ্রিকান হতে পারো
কোনো সমস্যা নেই। কিন্তু তোমার আদর্শিক পরিচয় তোমার জাতিগত পরিচয়ের ওপরে।
জাতীয়তাবাদ বলে:
“জাতি আগে।”
তাহলে কেন মানুষ ভুল করে ইসলাম ভিত্তিক রাষ্ট্রকে ‘মুসলিম জাতীয়তাবাদ’ ভাবে?
-------------------------------------------------------------------
কারণ তারা জাতীয়তাবাদকে রাষ্ট্রের একমাত্র ভিত্তি মনে করে এবং তারা ধরে নেয় ধর্মভিত্তিক রাষ্ট্র মানেই ধর্মীয় জাতীয়তাবাদ— এটি অন্ন ধর্মের ক্ষেত্রে সঠিক হতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে সঠিক নয় কারণ ইসলাম প্রচলিত অর্থে শুধু ধর্মই নয়, এটি একটি আদর্শ ও মূল্যবোধ ভিত্তিক পুর্ণাঙ্গ জীবনব্যবস্থাও।
সমাজতান্ত্রিক রাষ্ট্র যেমন সমাজতান্ত্রিক জাতীয়তাবাদ নয়, পুঁজিবাদী রাষ্ট্র যেমন পুঁজিবাদী জাতীয়তাবাদ নয়, তেমনি ইসলামি রাষ্ট্র মানে মুসলিম জাতীয়তাবাদ নয়। এটি একটি আদর্শিক ও মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। তাই ইসলাম ভিত্তিক রাষ্ট্রকে “মুসলিম জাতীয়তাবাদ” বলা শুধু ভুল নয়, এটি ইসলাম ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার প্রকৃত রূপকে না বোঝার ফল।

No comments:

Post a Comment